সাধারণ খবর শহর

কর্তব্যে নিষ্ঠার পুরস্কার, দুই ট্রাফিক পুলিশকর্মী বিজয়লক্ষ্মী ও দীনবন্ধুকে সম্মাননা পুরুলিয়া জেলা পুলিশের

পুরুলিয়া শহরের ব্যস্ততম মোড়গুলোতে যানবাহন নিয়ন্ত্রণ, রুট ডাইভারশন এবং পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য পারফরম্যান্সের জন্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিজয়লক্ষ্মী রাউ এবং এনভিএফ কর্মী দীনবন্ধু মাঝিকে সম্মাননা জেলা পুলিশের।
কর্তব্যে নিষ্ঠার পুরস্কার, দুই ট্রাফিক পুলিশকর্মী বিজয়লক্ষ্মী ও দীনবন্ধুকে সম্মাননা পুরুলিয়া জেলা পুলিশের



 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শহরের ট্রাফিক ব্যবস্থার সুশৃঙ্খল পরিচালনা এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে অতুলনীয় নিষ্ঠা ও দক্ষতার নজির গড়েছেন দুই ট্রাফিক কর্মী। পুরুলিয়া শহরের ব্যস্ততম মোড়গুলোতে যানবাহন নিয়ন্ত্রণ, রুট ডাইভারশন এবং পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য পারফরম্যান্সের জন্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিজয়লক্ষ্মী রাউ এবং এনভিএফ কর্মী দীনবন্ধু মাঝিকে আনুষ্ঠানিকভাবে সাধুবাদ ও বিশেষ প্রশংসা জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার‌ কুমার শানি রাজ। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে সম্মাননা প্রদান করেন তিনি। ছিলেন 
পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) ধীরাজ ঠাকুর। এই দুই ট্রাফিক পুলিশের অসামান্য অবদানের কথা সম্প্রতি
পুরুলিয়া মিররে তুলে ধরা হয়েছিল। সেই প্রতিবেদনে 
পুরুলিয়া শহরের মানুষজন ছাড়াও জেলার আমজনতা তাদের কাজকে কুর্নিশ জানিয়েছিলেন।


জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড়গুলোতে দায়িত্ব পালনকালীন উভয় কর্মীই নিরবচ্ছিন্ন, পেশাদারিত্ব, কড়া সতর্কতা এবং গভীর দায়িত্ববোধের পরিচয় দেন।উৎসবের মরশুম, ব্যস্ত সময়  কিংবা মুষলধারে বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সময়োপযোগী পদক্ষেপ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তাঁরা।
ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং পথচারীদের যাতায়াত সুগম করার ক্ষেত্রে তাঁদের এই বিশেষ অবদানকে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। জেলা পুলিশের এই স্বীকৃতি আগামী দিনে অন্যান্য ট্রাফিক কর্মীদেরও কর্তব্যপালনে আরও উৎসাহিত করবে বলে মনে
করছে পুরুলিয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।