নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রতিবেশী রাষ্ট্র নেপালে সাম্প্রতিক ভয়াবহ হড়পা বান ও বন্যায় গৃহহীন ও বিপর্যস্ত হাজার হাজার মানুষ। দুর্যোগের এই কঠিন মুহূর্তে নেপালের মানুষের পাশে দাঁড়াতে এবার উদ্যোগী হলো ভারত সেবাশ্রম সংঘের পুরুলিয়া শাখা। চরম বিপদের দিনে প্রতিবেশী দেশের বাসিন্দাদের সাহায্যার্থে পুরুলিয়া শহরজুড়ে এক বিশেষ ত্রাণ সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়।
রবিবার ছুটির দিনে পুরুলিয়া শহরের রাজপথে নামেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ও আশ্রমের আবাসিকরা। ঢাক-ঢোল ও মাইকিংয়ের মাধ্যমে শহরের অলিগলিতে মিছিল করে সাধারণ মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানানো হয়। বিশ্বজনীন মানবতাবোধকে সামনে রেখে পুরুলিয়াবাসীকে এই ত্রাণ তহবিলে সাধ্যমতো অনুদান দেওয়ার আহ্বান জানান আশ্রম কর্তৃপক্ষ।
আশ্রম সূত্রের খবর, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের কেন্দ্রীয় শাখার বিশেষ অনুরোধ ও নির্দেশক্রমেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাঠমান্ডু শাখা থেকে দেশের বিভিন্ন প্রান্তের শাখাগুলোকে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়েই পুরুলিয়া শাখার এই উদ্যোগ।
ভারত সেবাশ্রম সংঘের পুরুলিয়া শাখার মহারাজ স্বামী নিত্যশুদ্ধানন্দজী জানান, "নেপালের বর্তমান বন্যা পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। সেখানে ত্রাণ পৌঁছাতে আমাদের কাঠমান্ডু শাখার স্বামীজি ভারতবর্ষের সমস্ত শাখার কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সেই আর্জিতে সাড়া দিয়ে আজ আমরা পুরুলিয়া শহরে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহে নেমেছি। সংগৃহীত এই অর্থ সরাসরি নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আজ শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চললেও, আগামী দিনে জেলার অন্যান্য প্রান্তেও এই অর্থ সংগ্রহ অভিযান প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।"
এদিনের মিছিলে আশ্রমের আবাসিকদের হাতে ছিল কিউআর কোড সম্বলিত ডিজিটাল স্ক্যানার, যাতে সাধারণ মানুষ খুব সহজেই তাঁদের সামর্থ্য অনুযায়ী অনলাইনেও অনুদান দিতে পারেন। নগদ অর্থ ও ডিজিটাল মাধ্যম উভয় উপায়েই পুরুলিয়ার নাগরিকরা উন্মুক্ত হৃদয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।