নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
একদল মানুষ যখন কর্ম সংস্থানের আশায় বুক বাঁধছেন, তখন অন্যদল উদ্বিগ্ন নিজেদের বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা নিয়ে। পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের দুরমুট এলাকায় প্রস্তাবিত মেগা ইস্পাত কারখানাকে ঘিরে এবার সামনে এলো শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষার টানাপোড়েন। কারখানার প্রাথমিক কাজ শুরু হতেই তার বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার পরিবেশপ্রেমী মানুষ ও নাগরিক সমাজ।
গত ১৭ আগস্ট দুরমুটে রাজ্যের প্রথম 'গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড' অত্যাধুনিক ইস্পাত কারখানার শিলান্যাস সম্পন্ন হয়। এরপরই শিল্প সংস্থা 'অমিত মেটালিক্স' জমি ও পরিকাঠামো প্রস্তুতের মতো প্রাথমিক কাজ শুরু করে। তবে কারখানা গড়ে তোলার এই কর্মযজ্ঞ শুরু হতেই দেখা দিয়েছে বিপত্তির মেঘ। পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
শিল্পের নামে পরিবেশ ধ্বংস মেনে নেওয়া হবে না—এই বার্তা নিয়ে শনিবার বিকেলে দুরমুট গ্রাম সংলগ্ন মাঠে জড়ো হন স্থানীয়রা। রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ মিছিল।
মিছিল শেষে আয়োজিত হয় একটি নাগরিক সভা। সেখানে উপস্থিত বক্তারা একাধিক দাবি ও আশঙ্কা তুলে ধরেন,
ভারী ইস্পাত কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য এলাকার জল, বায়ু ও মাটিকে মারাত্মকভাবে দূষিত করতে পারে।কারখানা তৈরি হলে সংলগ্ন অঞ্চলের সবুজ রক্ষা ও কৃষিকাজ হুমকিতে পড়বে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
তাঁদের দাবি, শিল্পের বিকাশ ঘটলেও স্থানীয় মানুষ ও জীববৈচিত্র্যের নিরাপত্তাকে কোনোভাবেই বলি দেওয়া যাবে না। ফলে শিল্পের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি বনাম পরিবেশ বাঁচানোর এই লড়াইয়ে রঘুনাথপুরের দুরমুট এলাকা এখন উত্তপ্ত।