নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
ভোটাধিকার যে কতটা মূল্যবান, তা বুঝতে হলে যেতে হবে বাঘমুন্ডি বিধানসভার বুড়দা কালিমাটি অঞ্চলের গন্ধডি গ্রামে। আদিবাসী অধ্যুষিত।ছোট্ট এই গ্রামে মাত্র ২৬টি পরিবার, ভোটার সংখ্যা ৬০–৬৫ জন। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলে তাঁদের পাড়ি দিতে হয় প্রায় ৭ কিলোমিটার দুর্গম জঙ্গলপথ।
গ্রামের বাসিন্দা ও ভোটার ধোনমনি সিং মুড়া বলেন, “ভোট দিতে গেলে খুব কষ্ট করতে হয়। রাস্তা ভালো না থাকায় জঙ্গল পেরিয়ে হাঁটতে হয়, অনেক সময় ভয়ও লাগে।” একই কথা শোনালেন সরস্বতী সিং মুড়া, তাঁর কথায়, “নেতারা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে আর কেউ খোঁজ নেন না। আমরা চাই, ভোটকেন্দ্রটা একটু কাছে হোক।”
ছোটু সিং মুড়া জানান, “যাঁদের মোটরসাইকেল আছে, তাঁরা ঘুরপথে যান। কিন্তু আমাদের মতো অনেকেই হেঁটেই যেতে বাধ্য হই।” সর্বেশ্বর সিং মুড়ার দাবি, “গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে, তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ। এগুলো দ্রুত ঠিক করা দরকার"।
তবে গ্রামবাসীদের মধ্যে এখন কিছুটা আশার সঞ্চার হয়েছে। এলাকায় নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। তাঁদের আশা, আগামী দিনে এই দুর্ভোগ কিছুটা হলেও কমবে এবং ভোট দিতে আর প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গল পেরোতে হবে না।