ক্রাইম শহর

পুলিশকর্মীর ছেলেকে ঠকিয়ে বাইক লুঠ পুরুলিয়া শহরে, এক দিনের মাথায় গ্রেফতার

খোদ পুলিশের পরিবারের সদস্যকে এভাবে বোকা বানিয়ে বাইক হাতিয়ে নেওয়ার ঘটনায় নড়েচড়ে বসে পুরুলিয়া সদর থানা। অভিযোগ দায়ের হওয়া মাত্রই গোপন সূত্র ধরে অভিযানে নামে পুলিশ।
পুলিশকর্মীর ছেলেকে ঠকিয়ে বাইক লুঠ পুরুলিয়া শহরে, এক দিনের মাথায় গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় জিনিসপত্র কেনাবেচার ক্ষেত্রে কতটা বড় বিপদের কারণ হতে পারে, আবার তার প্রমাণ মিলল পুরুলিয়ায়। ক্রেতা সেজে এসে একেবারে ফিল্মি কায়দায় গাড়ি নিয়ে চম্পট দিল ঝাড়খণ্ডের এক যুবক। এমনকি ছাড় পেলেন না খোদ জেলা পুলিশের এক কর্মীর ছেলেও,তবে অপরাধ করে পার পায়নি দুষ্কৃতী অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে জালে তুলল পুরুলিয়া সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া জেলা পুলিশের এক কর্মীর ছেলে সম্প্রতি তাঁর ব্যবহৃত বাইকটি বিক্রি করার জন্য ফেসবুকে একটি পোস্ট করেন। সেই বিজ্ঞাপন দেখেই ঝাড়খণ্ড থেকে যোগাযোগ করে এক যুবক। বাইকটি কেনার অজুহাতে দেখা করতে পুরুলিয়ায় আসে সে। গাড়িটি বেশ পছন্দ হয়েছে দাবি করে ওই যুবক জানায়, রাত হয়ে গেছে তাই তাকে যেন বাইকে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয়।

টেস্ট ড্রাইভ ও বিশ্বাস অর্জনের অজুহাতে চতুর যুবক অনুরোধ করে, পছন্দ হওয়া বাইকটি সে নিজেই চালিয়ে স্টেশনে যাবে। বাইকের মালিক অর্থাৎ পুলিশকর্মীর ছেলে সরল বিশ্বাসে পেছনের সিটে বসেন। স্টেশনে পৌঁছানো মাত্রই মালিককে নামতে বলে যুবকটি, আর তিনি নামা মাত্রই নিমেষের মধ্যে গতি বাড়িয়ে বাইক নিয়ে চম্পট দেয় সে।চোখের সামনে নিজের বাইক এভাবে উধাও হয়ে যেতে দেখে অবাক হয়ে  যান পুলিশকর্মীর ছেলে।

ঘটনাটি প্রকাশ্য আসতেই জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খোদ পুলিশের পরিবারের সদস্যকে এভাবে বোকা বানিয়ে বাইক হাতিয়ে নেওয়ার ঘটনায় নড়েচড়ে বসে পুরুলিয়া সদর থানা। অভিযোগ দায়ের হওয়া মাত্রই গোপন  সূত্র ধরে অভিযানে নামে পুলিশ।

অভিযোগের ঠিক একদিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুরজিৎ রায়। সে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসা থানার অন্তর্গত কালিপাহাড়ির কামালিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার ধৃত দুষ্কৃতীকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ খতিয়ে দেখছে এই সুরজিৎ কোনো আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না।