সাধারণ খবর ব্লক

দুর্ঘটনায় রাশ টানতে বলরামপুরে নতুন পরিকল্পনা পুলিশের

▪️বলরামপুরে একটি ট্রাফিক গার্ড চালু হবে : পুলিশ সুপার ▪️নজরদারি বাড়াতে থাকবে ৭০-৮০ জন সিভিক ভলান্টিয়ার
দুর্ঘটনায় রাশ টানতে বলরামপুরে নতুন পরিকল্পনা পুলিশের

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর

এবার ১৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার মিছিল থামাতে বলরামপুরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি ঘুরে দেখে দ্রুত ট্রাফিক গার্ড চালু ও নজরদারি বাড়ানোর কথা জানালেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ। বুধবার ডিএসপি ট্রাফিক অরিন্দম চক্রবর্তী, বলরামপুর থানার আইসি অর্ণব গুহ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের নিয়ে বেড়াদা, উরমা, নামশোল, বলরামপুর কলেজ সংলগ্ন এলাকা, ওভারব্রিজ, বেড়মা ও শ্যামনগর-সহ একাধিক দুর্ঘটনাপ্রবণ এলাকা পরিদর্শন করেন তিনি। কোথায় কী কারণে বারবার দুর্ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন।

মঙ্গলবার সন্ধ্যায় বেড়মা এলাকায় লরির ধাক্কায় একটি অটো দুর্ঘটনাগ্রস্ত হয়। আহত হন পাঁচ জন। টাটায় স্থানান্তরের পথে মৃত্যু হয় ঝাড়খণ্ডের আদারডি গ্রামের পাঁচ বছরের সুরজ কুমারের। দুর্ঘটনার পর লরিটি আটক হলেও চালক পলাতক। সোমবারও বলরামপুরে দুর্ঘটনা কেড়ে নিয়েছে প্রাণ। রথযাত্রার রাতে এই সড়কে পরপর দুর্ঘটনায় এক জনের মৃত্যু এবং অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

পুলিশ সুপার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই বলরামপুরে একটি ট্রাফিক গার্ড চালু হবে। পাশাপাশি যান নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়াতে ৭০-৮০ জন সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে।

বারবার দুর্ঘটনার জেরে উদ্বেগ বাড়লেও, জেলা পুলিশের আশা নতুন ট্রাফিক গার্ড ও বাড়তি নজরদারিতে পরিস্থিতির উন্নতি হবে।