অন্যান্য শহর

মানবাজারে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প? এ কী করলো খুদেরা

গোবিন্দপুর বিদ্যালয়ে আয়োজিত একটি বিশেষ 'প্লাস্টিক ডোনেশন ক্যাম্প'-এর মাধ্যমে গ্রাম ও স্কুল চত্বরের সমস্ত ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ছাত্র-ছাত্রীরা। এরপর সেই প্লাস্টিক বোতলের ভেতরে ঠেসে তৈরি করা হয় পরিবেশ-বান্ধব 'ইকো-ব্রিক্স' বা পরিবেশ-বান্ধব ইট।
মানবাজারে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প? এ কী করলো খুদেরা

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

পরিবেশ দিবস মানেই শুধু গাছ লাগানো এই চেনা ধারণার বাইরে গিয়ে এক অভিনব নজির গড়ল মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের পাশাপাশি প্লাস্টিক দূষণ রুখতে এক অনন্য পথ দেখাল খুদে পড়ুয়ারা।

এ দিন বিদ্যালয়ে আয়োজিত একটি বিশেষ 'প্লাস্টিক ডোনেশন ক্যাম্প'-এর মাধ্যমে গ্রাম ও স্কুল চত্বরের সমস্ত ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ছাত্র-ছাত্রীরা। এরপর সেই প্লাস্টিক বোতলের ভেতরে ঠেসে তৈরি করা হয় পরিবেশ-বান্ধব 'ইকো-ব্রিক্স' বা পরিবেশ-বান্ধব ইট। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইকো-ব্রিক্সগুলি ফেলে না দিয়ে আগামী দিনে বিদ্যালয়ের বিভিন্ন গাঁথুনির কাজে ব্যবহার করা হবে। প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করার এই অভিনব পাঠ শৈশবেই পরিবেশ সচেতনতার এক নতুন দিগন্ত খুলে দিল।

এর পাশাপাশি, প্লাস্টিক কলমের বিকল্প হিসেবে খুদেরা নিজেরাই তৈরি করে পরিবেশ-বান্ধব 'বীজ কলম'  যা ব্যবহারের পর মাটিতে ফেললে তা থেকে গাছ জন্মাবে। স্কুলের পক্ষ থেকে উপস্থিত সকলকে এই কলম উপহার দেওয়া হয়। শুধু গাছ লাগানোই নয়, গত বছরের লাগানো গাছগুলো কারা সবচেয়ে ভালো বাঁচিয়ে রেখেছে, তার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় ‘শ্রেষ্ঠ বৃক্ষ পালক’ পুরস্কার।