নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন কুমার সন্নী রাজ, আইপিএস।
নতুন পুলিশ সুপার জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে বিদায়ী এসপি বৈভব তেওয়ারি নতুন এসপির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে পুরুলিয়া জেলায় স্বাগত জানান।
পদে যোগ দিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি কাজে নেমে পড়েছেন নতুন পুলিশ সুপার কুমার সন্নী রাজ। জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই যে তাঁর প্রধান লক্ষ্য, কার্যভার হাতে নিয়েই তিনি সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন। জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়ে তিনি তাঁর পরবর্তী কর্মপরিকল্পনার রূপরেখা তৈরি করতে শুরু করেছেন।
অন্যদিকে পদোন্নতি পেয়ে কলকাতা আর্ম পুলিশের সিপি হচ্ছেন পুরুলিয়ার বিদায়ী পুলিশ সুপার বৈভব তেওয়ারি।