নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
রাস্তাটাকে বলা হয় শিল্পাঞ্চলের লাইফলাইন।রঘুনাথপুর- চন্দনকেয়ারি- চাস ৮ নং রাজ্য সড়ক। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সেই রাস্তা এ বার পেলো চওড়া ও মজবুত করার অনুমোদন পেল। রাজ্যের অনুমোদন পাওয়া দু’টি রাস্তার মধ্যে রয়েছে পুরুলিয়ার এই গুরুত্বপূর্ণ সড়কটি। রঘুনাথপুর থেকে পাহাড়িগোড়া হয়ে চন্দনকেয়ারি-চাস পর্যন্ত এই রাস্তা বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে রঘুনাথপুর শিল্পাঞ্চলের পরিকাঠামো গড়ে তুলতে এই সড়কের গুরুত্ব যথেষ্ট। অথচ দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তার বিভিন্ন অংশ।
সড়কটির উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের মন্ত্রী নীতিন গড়কড়ির কাছে দাবি জানিয়েছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেই দাবির পরেই এ বার এই রাস্তা চওড়া ও পোক্ত করার অনুমোদন মিলেছে ।
অনুমোদন অনুযায়ী, প্রায় ২৮ কিমি দু’লেনের এই রাস্তাকে ৭ মিটার থেকে বাড়িয়ে ১০ মিটার চওড়া করা হবে। তৈরি হবে পেভড শোল্ডারও। প্রকল্পটির জন্য বরাদ্দ ধরা হয়েছে ২৩৫ কোটি টাকা। রঘুনাথপুরে একের পর এক শিল্প প্রকল্পের সম্ভাবনা তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই রাস্তা শুধু যাতায়াতের পথ নয়, শিল্পাঞ্চলের ‘লাইফলাইন’ হিসাবেও গুরুত্বপূর্ণ।
জেলার বেশ কয়েকটি রাস্তার উন্নতি চেয়ে নীতিন গড়করির কাছে দরবার করেছিলেন জ্যোতির্ময়। চাষমোড় তুলিন রাজ্য সড়ককে ও পুরুলিয়া আসানসোল সড়ককে ৪ লেন, পুরুলিয়া বান্দোয়ান ভায়া মানবাজার ও পুরুলিয়া বাঁকুড়া সড়কের প্রশস্তকরণের দাবির পাশাপাশি রঘুনাথপুর-চন্দনকেয়ারি রাস্তার উন্নতির দাবি জানিয়েছিলেন তিনি। আপাতত এই রাস্তাটির অনুমোদন মিলেছে।