নিজস্ব প্রতিনিধি, পাড়া:
‘অন্নপূর্ণা’র ধন্যবাদ মিছিলে মহিলাদের ঢল। পুজোর মুখে রবিবার পাড়া বিধানসভা এলাকার চেলিয়ামা ও জোড়াডি গ্রাম পঞ্চায়েতে কার্যত অন্নপূর্ণা জোয়ার। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরির বিধানসভা এলাকায় মিছিল ঘিরে মহিলাদের এই ভিড়কে সামনে রেখে শাসকদলের দাবি, অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে তিন হাজার টাকা পাওয়ার উচ্ছ্বাসই এ দিনের ধন্যবাদ জ্ঞাপক মিছিলে প্রতিফলিত।
রবিবার পাড়া বিধানসভার ১ নং মণ্ডলের চেলিয়ামা ও জোড়াডি গ্রাম পঞ্চায়েতের মহিলারা এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলে যোগ দেন। হাতে ছিল বিজেপির পতাকা, সঙ্গে রঙিন বেলুন। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ট্যাবলো এবং টোটোও ছিল মিছিলে। মন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী।
১৭ আগস্ট থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনাকে সামনে রেখে ধন্যবাদ জ্ঞাপন মিছিল শুরু হয়েছে। জেলার প্রতিটি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচি হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের পাশাপাশি মিছিলে বিভিন্ন সময়ে উপস্থিত থাকছেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং দলের জেলা সভাপতি শঙ্কর মাহাতো।
বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই জেলার বিভিন্ন প্রান্তে মহিলাদের এই মিছিল। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের অন্যান্য জেলার মতো পুরুলিয়াতেও বিতর্ক তৈরি হয়েছে। তবে সেই বিতর্কের মধ্যেই জেলার বিভিন্ন বিধানসভায় ধন্যবাদ মিছিলে মহিলাদের ভিড়কে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি।