নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শনিবার পুরুলিয়ার তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। তবে এ দিন জেলায় বৃষ্টি হয়েছে নামমাত্র। গরমের তীব্রতা কমলেও আর্দ্রতার কারণে গুমোট অস্বস্তি বজায় ছিল।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের মতে, উত্তর বঙ্গোপসাগরের অনুকূল পরিবেশে আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এর প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার, দমকা হাওয়ায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।