নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কার্গিল বিজয় দিবসের আবহেই নিজেদের দীর্ঘ আন্দোলনের সাফল্যের দিনটিকেও স্মরণ করল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউইউপিটিডব্লিউএ)। রবিবার ঐতিহাসিক ২৬ জুলাই উপলক্ষে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। তারই অংশ হিসেবে জেলার ডাবর-বলরামপুরের নবকুষ্ঠ আশ্রমের আবাসিকদের হাতে রেশনসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের এক দিনের সম্পূর্ণ খাবারের ব্যবস্থাও করা হয়।
সংগঠনের দাবি, ২০১৯ সালের ২৬ জুলাই টানা ১৪ দিনের অনশন আন্দোলনের পর প্রাথমিক শিক্ষকদের একাধিক দাবিতে সাড়া দিয়ে শিক্ষা দপ্তর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তিতে গ্রেড-পে বৃদ্ধির পাশাপাশি অনৈতিকভাবে বদলি হওয়া শিক্ষকদের পূর্বের কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছিল। আন্দোলনের সেই সাফল্য এবং লড়াইয়ে সামিল শিক্ষকদের স্মৃতিকে সম্মান জানাতেই প্রতিবছরের মতো এ বছরও দিনটি পালন করা হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের রাজ্য সহ-সভাপতি চন্দন চট্টোপাধ্যায় বলেন, “২৬ জুলাই আমাদের কাছেও বিজয়ের দিন। দিনটিতে ঐতিহাসিক কার্গিল বিজয় দিবসের সঙ্গে আমাদের আন্দোলনের বিজয়ের স্মৃতিও জড়িয়ে রয়েছে। তাই এ দিনটিকে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছি।”