নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রুখামাটির জেলা পুরুলিয়ায় যোগাযোগের প্রধান মাধ্যম সড়ক পরিবহন। এবার সেই পরিবহন কি আমূল বদলাতে চলেছে? পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নিয়েছেন উদ্যোগ। নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করে একটি দাবিপত্র জমা দিয়েছেন তিনি।
সাংসদের প্রধান দাবি, পুরুলিয়ায় একটি আধুনিক ইন্টার স্টেট বাস টার্মিনাল গড়ে তোলা হোক। তিনি জানান, পুরুলিয়া কেবল পশ্চিমবঙ্গের অংশ নয়, এটি ঝাড়খণ্ড ও ওড়িশার সংযোগস্থল, জঙ্গলমহলের প্রবেশদ্বার। প্রতিদিন হাজার হাজার মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও পর্যটনের প্রয়োজনে ভিন রাজ্যে যাতায়াত করেন। কিন্তু উপযুক্ত টার্মিনাল না থাকায় শহরজুড়ে তীব্র যানজট ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। একটি সুসজ্জিত আন্তঃরাজ্য বাস টার্মিনাল তৈরি হলে পুরুলিয়া শহর যানজটমুক্ত হওয়ার পাশাপাশি অযোধ্যা পাহাড় সহ পর্যটন কেন্দ্রগুলির এবং জঙ্গলমহলের সার্বিক অর্থনীতি অনেকটাই গতি পাবে।
যেসব সড়ক পরিকাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে,
১. চাষমোড়, জয়পুর, কোটশিলা, ঝালদা ও তুলিন হয়ে ঝাড়খণ্ড সীমানা পর্যন্ত সড়কটিকে ৪-লেনে উন্নীত করা।
২. জয়পুর ও ঝালদা শহরের ওপর থেকে অতিরিক্ত গাড়ির চাপ কমাতে এবং দুর্ঘটনা এড়াতে বাইপাস, ফ্লাইওভার ও আরওবি তৈরি।
৩. শিল্পাঞ্চল আসানসোল ও দুর্গাপুরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি আরও চওড়া ও উন্নত করা।
৪. পুরুলিয়া থেকে মানবাজার হয়ে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তাকে আরও প্রশস্ত করা।
৫. জেলার গ্রামীণ ও আদিবাসী অধ্যুষিত এলাকার সড়ক পরিকাঠামোর দ্রুত সংস্কার ও নতুন সংযোগ তৈরি।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান,
"উন্নয়নের আসল মেরুদণ্ড হলো উন্নত সড়ক যোগাযোগ। পুরুলিয়া ও গোটা জঙ্গলমহলের আর্থিক প্রগতির জন্য একটি আধুনিক বাস টার্মিনাল এবং আন্তর্জাতিক মানের সড়ক পরিকাঠামো সময়ের দাবি।"
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সাংসদকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে ।