নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষ রোপণ করেন এবং সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন যে গাছ আমাদের জীবনের অন্যতম প্রধান ভরসা। ক্রমবর্ধমান দূষণ ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেন, তবে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। পরিবেশ দিবস শুধু একটি দিন নয়, এটি পরিবেশ রক্ষার প্রতি আমাদের দায়িত্ব মনে করিয়ে দেওয়ার একটি বড় উপলক্ষ। তাই বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া উচিত।
কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো বলেন, "বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করার দায়িত্ব শুধু ভারতবর্ষের মানুষের নয়, এটি সারা পৃথিবীর সমস্ত নাগরিকের কর্তব্য।
বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবী যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, তাতে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মেরুর বরফ গলতে শুরু করেছে। এই পরিস্থিতি থেকে একমাত্র পরিবেশ, জঙ্গল ও পাহাড় রক্ষাই আমাদের বাঁচাতে পারে"।
তিনি আরো বলেন, সরকারের কিছু লোক যেভাবে প্রাকৃতিক জঙ্গল ধ্বংস করছে, তার বিরুদ্ধে এবং বিভিন্ন কলকারখানা থেকে তৈরি হওয়া দূষণের প্রতিবাদে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। তিনি সকলকে আহ্বান জানান,
গাছ লাগান, দূষণ প্রতিরোধ করুন এবং পরিবেশকে রক্ষা করুন।