নিজস্ব প্রতিনিধি, আড়শা:
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজ অবমাননাকর মন্তব্য করেছেন। এমন অভিযোগ তুলে প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার সারা ভারত ফরওয়ার্ড ব্লক আড়শা পূর্ব ও পশ্চিম লোকাল কমিটির তরফে আড়শা থানায় অভিযোগ দায়ের করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় । ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীদের দাবি, ১৯৪০ সালের একটি ঘটনার উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি বলেছেন, মহম্মদ আলি পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভায় ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা হামলা চালিয়েছিল। তারপরেই এই মন্তব্যকে ইতিহাস বিকৃতকারী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়েছিল ফরওয়ার্ড ব্লক। কিন্তু শমীক ভট্টাচার্য ক্ষমা স্বীকার করেননি। এরপরেই ফরওয়ার্ড ব্লক শমীক ভট্টাচার্য ও অনন্ত মহারাজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য রাজ্যের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করে। এদিন উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের শাখা সংগঠন অগ্রগামী কিষাণ সভার সাধারণ সম্পাদক শেখ বেলাল আনসারী, যুবলীগের ব্লক সভাপতি রমেশ চন্দ্র মাঝি, সম্পাদক দিলীপ মাহাতো, সদস্য সুবল চন্দ্র ওঝা, মানিক মাঝি প্রমুখ।