নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইলেকট্রিক তার চুরি চক্রের পর্দা ফাঁস করল পুরুলিয়া সদর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৭৫০ কেজি চোরাই অ্যালুমিনিয়াম ইলেকট্রিক তার এবং একটি পিকআপ ভ্যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ জুলাই পুরুলিয়া শহর থানার পুলিশ খবর পায় যে বরাকর রোড সংলগ্ন ভূতনাথ মন্দির রোডের চুনাভাটি এলাকার একটি স্ক্র্যাপ গোডাউনে অবৈধভাবে ইলেকট্রিক তার মজুত করা হয়েছে। খবর পাওয়া মাত্রই সেখানে আচমকা অভিযান চালায় পুলিশ বাহিনী।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকেই পুলিশ দুই অভিযুক্তকে আটক করে। ধৃতরা হলো
ইসলাম আনসারি। তার বাড়ি সাঁওতালডিহি থানার
পরাডিহ গ্রামে। আরেকজনের নাম
জিতেন্দ্র জয়সওয়াল। তার বাড়ি পুরুলিয়া শহরের কর্পূর বাগান এলাকায়। জিতেন্দ্র এই স্ক্র্যাপ গোডাউনের মালিক।
সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ ইনসুলেটেড এবং বেয়ার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর মিলিয়ে মোট ৭৫০ কেজিরও বেশি সন্দেহজনক চোরাই অ্যালুমিনিয়াম ইলেকট্রিক কেবল বাজেয়াপ্ত করে। এছাড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ মিনি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়।
উদ্ধার হওয়া বিশালাকার ইলেকট্রিক তারের পক্ষে অভিযুক্তরা কোনো বৈধ কাগজপত্র বা বিল দেখাতে পারেনি। তল্লাশি ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটি আইনি নিয়ম মেনে ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন করে পুলিশ।
আইনের সংশ্লিষ্ট ধারায় পুরুলিয়া শহর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃত দু’জনকেই গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের পেছনে অন্য কারর হাত রয়েছে
কিনা, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।