ক্রাইম ব্লক

ইডি-র হানা নিতুড়িয়ার রেস্টুরেন্টে

প্রায় ১০ ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির আধিকারিকরা । তল্লাশির শেষে একটি ট্রলি ব্যগ নিয়ে বের হন তাঁরা। ইডি সূত্রে খবর, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত অনেক নথি সহ ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয় । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি ইডি ।
ইডি-র হানা নিতুড়িয়ার রেস্টুরেন্টে

 

নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া:

কয়লাঞ্চল নিতুড়িয়ায় এবার আর্থিক দুর্নীতির কালো মেঘ। এতদিন পর্যন্ত এলাকা জুড়ে যে বিশাল ব্যাবসায়িক সাম্রাজ্য ফুলে-ফেঁপে উঠছিল, শুক্রবার সাতসকালেই তাতে বড়সড় ধাক্কা দিল   ইডি। পুরুলিয়া জেলার সীমান্ত এলাকা পারবেলিয়ার পারফেক্ট বিজনেস হাব হিসেবে পরিচিত ‘সুরজ ফ্যামিলি রেস্টুরেন্ট’-এ হঠাৎই শুরু হয় কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযান।

ইডি-র অভিযানের মূল কেন্দ্রবিন্দু, পারবেলিয়া বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত সুরজ ফ্যামিলি রেস্টুরেন্টে হঠাৎই গাড়ি চড়ে হাজির হন ইডি-র একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। রেস্টুরেন্টের সমস্ত ক্যাশ কাউন্টার, ডিজিটাল পেমেন্ট রেজিস্টার এবং ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

শুধু ব্যবসাকেন্দ্রই নয়, অভিযানের আঁচ গিয়ে পড়েছে রেস্টুরেন্টের মালিক সুরজ বিশ্বকর্মার ব্যক্তিগত বাসভবনেও। ভোর থেকেই পুরো বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ভেতরে চলছে  তল্লাশি।
সীমান্ত লাগোয়া এই এলাকায় ব্যবসার  আড়ালে বড় ধরনের বেআইনি আর্থিক লেনদেন বা কাঁচা টাকা সাদা করার কোনো ছক চলছিল কি না, সেটাই এখন গোয়েন্দাদের নজরে ।
হঠাৎ করে একটি ফ্যামিলি রেস্টুরেন্টের মালিকের ওপর কেন্দ্রীয় সংস্থার এমন হাই-প্রোফাইল হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পারবেলিয়া বাজার এলাকায়। প্রায় ১০ ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির আধিকারিকরা ।  তল্লাশির শেষে একটি ট্রলি ব্যগ নিয়ে বের হন তাঁরা। ইডি সূত্রে খবর, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত অনেক নথি সহ ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয় । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি ইডি ।