নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শহরের প্রাণকেন্দ্রে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর হানা। জমি কেনাবেচা ও আয়কর সংক্রান্ত অসঙ্গতির খোঁজে পুরুলিয়া শহরের নামোপাড়া বিশিষ্ট ব্যবসায়ী সন্দীপ চৌবের বাড়িতে শুক্রবার সকালে হঠাৎ করেই অভিযান চালান ইডি আধিকারিকরা। তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ।
সূত্র মারফৎ জানা গিয়েছে, মূলত ভুয়ো জমি কেনাবেচা ও কর ফাঁকি সংক্রান্ত বড়সড় আর্থিক লেনদেনের অভিযোগের সূত্র ধরেই ইডি-র এই পদক্ষেপ। সন্দীপবাবুর সংস্থার দীর্ঘদিনের বেশ কিছু জমি কেনাবেচার নথি এবং কর সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখতেই ইডি-র একটি প্রতিনিধি দল তাঁর বাসভবনে পৌঁছায়। এলাকাটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সম্পূর্ণ ঘিরে ফেলেন, যার ফলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।