নিজস্ব প্রতিনিধি,পাড়া:
জমির নথি তৈরি করে দেওয়ার নামে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের মারাত্মক অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর এক গাড়িচালককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম চণ্ডী চরণ মোদক। রবিবার অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়া বিএলআরও অফিসে কাজের সূত্রে যাতায়াত ছিল চণ্ডী চরণ মোদকের। অভিযোগ, সেই সুবাদেই নিজেকে দপ্তরের প্রভাবশালী কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে জমির নথি বা মিউটেশন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। পরিবর্তে চাওয়া হতো মোটা অঙ্কের টাকা। বেশ কিছু মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া সত্ত্বেও কাজ না হওয়ায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে।
অবশেষে প্রতারিত বোধ করে কয়েকজন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ পাড়া বিএলআরও অফিসের গাড়িচালক চণ্ডী চরণ মোদককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তথ্যে অসঙ্গতি মিলতেই তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং ধৃত ব্যক্তি এর আগে কতজনের কাছ থেকে কত টাকা হাতিয়েছেন, তা জানতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।