নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কেন্দ্র ও রাজ্য সরকারের ‘জনবিরোধী’ বিদ্যুৎ নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিল জেলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। রবিবাসরীয় বিকেলে পুরুলিয়া ভিক্টোরিয়া ইনস্টিটিউট হাইস্কুলে আয়োজিত এক কনভেনশনে ক্ষোভ উগরে দিলেন জেলার শতাধিক বিদ্যুৎ গ্রাহক। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, স্মার্ট প্রিপেইড মিটার বসানো এবং বিদ্যুৎ খাতকে বেসরকারি হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রাক্তন শিক্ষক স্বপন লাহিড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনভেনশনে সংগঠনের মূল অবস্থান ও আন্দোলনের রূপরেখা তুলে ধরেন অ্যাবেকা রাজ্য কমিটির সম্পাদক সুব্রত বিশ্বাস। আন্দোলনের কৌশল ও আইনি-সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন আইনজীবী সাগর মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশীষ সরখেল, পুরুলিয়া জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বামাপদ পূইতন্ডী এবং শহর কমিটির সম্পাদক প্রদীপ মিত্র। উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ জেলা কমিটির প্রতিনিধিবৃন্দও।
সম্মেলনের মূল সুরই ছিল প্রতিবাদের ধারাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামী দিনে জেলার প্রতিটি পাড়ায় ও ব্লকে 'প্রতিরোধ কমিটি' গঠন করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা জানান, সাধারণ গ্রাহক ও বিদ্যুৎ কর্মীদের সুরক্ষায় এই যৌথ লড়াই কেবল স্মারকলিপিতে আটকে থাকবে না তীব্র গণআন্দোলনের মাধ্যমে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে পুরুলিয়া।