নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
হাসপাতালের ভেতরেই আক্রান্ত কর্তব্যরত চিকিৎসক! চিকিৎসকের চেম্বারে ঢুকে সরাসরি তাঁর ওপর হামলা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আদ্রা রেল হাসপাতালে। এই ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম মহম্মদ শহীদ। তার বাড়ি আদ্রা থানার পলাশকলা গ্রামে।
গত ৮ জুলাই মদ্যপ অবস্থায় মোটরবাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায় শহীদ। চিকিৎসার জন্য গত বুধবার তাকে আদ্রা রেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, চিকিৎসাধীন থাকা অবস্থাতেই ওই যুবক হঠাৎ কর্তব্যরত চিকিৎসক হাড়ীবন্ধু শেঠির চেম্বারে ঢুকে পড়ে এবং তাঁর ওপর শারীরিক হামলা চালায়।
ঘটনার পরপরই চিকিৎসক হাড়ীবন্ধু শেঠি আদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তৎপরতা দেখায় আদ্রা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। এক রোগীর এমন হিংসাত্মক আচরণে হাসপাতালের অন্যান্য কর্মী ও চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।