নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
গণতন্ত্রের মহোৎসবে এ যেন এক চরম বঞ্চনা! ভোটকেন্দ্রে গিয়েও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না এক যুবক। একরাশ হতাশা আর মন খারাপ নিয়ে বুথ থেকে কার্যত শূন্য হাতেই ফিরতে হলো তাঁকে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কাশিপুর বিধানসভার অন্তর্গত ১৩৬ নম্বর বুথে।
জানা গিয়েছে, ভোটাধিকার হারানো ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার বাউরি, বাড়ি কাশিপুর ব্লকের কল্লোলী গ্রামে। দীর্ঘদিন ধরে নিয়ম করে প্রত্যেকটি নির্বাচনে ভোট দিয়ে এলেও, এবার বুথে গিয়ে তিনি জানতে পারেন ভোটার তালিকায় তাঁর নামটাই নেই! মূলত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তৈরি নতুন সংশোধিত তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। নিজের গণতান্ত্রিক অধিকার থেকে আচমকা এহেন বঞ্চিত হয়ে চরম আক্ষেপ নিয়ে বাড়ির পথ ধরেন সঞ্জয়বাবু।
একজন নিয়মিত ভোটারের নাম এভাবে গায়েব হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভোটার তালিকা সংশোধনের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ, কোনো রকম যথাযথ যাচাই ছাড়াই খামখেয়ালিভাবে বহু মানুষের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। আর তার জেরেই ভোটের দিন এমন চূড়ান্ত বিভ্রান্তি ও অসন্তোষের সৃষ্টি হচ্ছে।