নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ার বিধানসভা-রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়। এই প্রথম জেলার কোনও বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার প্যানেল অব চেয়ারম্যান'-এ স্থান পেয়ে স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করলেন। স্পিকারের কুর্সিতে বসে অধিবেশন পরিচালনা করেন পুরুলিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় । জেলার রাজনৈতিক মহলের মতে, এটি পুরুলিয়ার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
বিধানসভার কার্যপ্রণালী ও কার্যসম্পাদন বিধির ৯(১) ধারা অনুযায়ী স্পিকার পাঁচ সদস্যের 'প্যানেল অব চেয়ারম্যান' মনোনীত করেছেন। সেই তালিকায় রয়েছেন পার্থ সারথি চট্টোপাধ্যায়, সুদীপ কুমার মুখার্জি, গোপালচন্দ্র সানা, শঙ্কর চট্টোপাধ্যায় এবং সমীর কুমার সানা। স্পিকার অনুপস্থিত থাকলে এই প্যানেলের সদস্যদের মধ্য থেকেই কেউ অধিবেশনে সভাপতিত্ব করেন। বিধানসভার কার্যবিবরণীতেও সুদীপ মুখোপাধ্যায়ের নাম ওই প্যানেলের সদস্য হিসেবে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি বিধানসভার অধিবেশনে স্পিকারের অনুপস্থিতিতে সভাপতির আসনে বসে অধিবেশন পরিচালনা করেন সুদীপ মুখোপাধ্যায়। জেলার প্রবীণ রাজনৈতিক মহলের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এই প্রথম পুরুলিয়া জেলার কোনও বিধায়ক স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করলেন।