ক্রাইম শহর

এবার বালতি চুরি? তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগে সোরগোল পুরুলিয়ায়

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার পুরুলিয়া সদর থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকরা যৌথ অভিযান চালান পুরুলিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজল দাসের বাসভবনে। সেখান থেকে মিশন নির্মল বাংলা প্রকল্পের জন্য বরাদ্দ ৪১টি সরকারি বালতি উদ্ধার করা হয়।
এবার বালতি চুরি? তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগে সোরগোল পুরুলিয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বেনিয়মের বিরুদ্ধে অভিযান। এবার পুরুলিয়া শহরেও তার আঁচ এসে পড়ল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার পুরুলিয়া সদর থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকরা যৌথ অভিযান চালান পুরুলিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজল দাসের বাসভবনে। সেখান থেকে মিশন নির্মল বাংলা প্রকল্পের জন্য বরাদ্দ ৪১টি সরকারি বালতি উদ্ধার করা হয়। পুলিশ বালতিগুলো বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

প্রশ্ন উঠছে, মিশন নির্মল বাংলার মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সামগ্রী কেন নির্দিষ্ট সময়ে উপভোক্তাদের হাতে পৌঁছাল না? এই ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হলেও, মূল বিতর্ক দাঁড়িয়েছে সরকারি সম্পত্তির অপচয় এবং বিলি-বণ্টনের অস্বচ্ছতাকে কেন্দ্র করে।

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী কার্তিক দাস বলেন, "বিগত দু'বছর ধরে মিশন নির্মল বাংলা প্রকল্পের একাধিক কাজ স্তব্ধ হয়ে পড়ে রয়েছে। সরকারি সামগ্রী যাতে নষ্ট না হয়, সেই কারণেই বালতিগুলো এত দিন বাড়িতে সুরক্ষিতভাবে রাখা ছিল।"

বিজেপি প্রাক্তন কাউন্সিলর প্রদীপ মুখোপাধ্যায়  বলেন, "তৃণমূলের আমলে কী ধরনের অপশাসন চলেছে, এটা তারই প্রমাণ। আজ যদি তৃণমূলের সমস্ত প্রাক্তন কাউন্সিলরদের বাড়িতে তল্লাশি চালানো যায়, তবে এই রকম অজস্র সরকারি জিনিসপত্র উদ্ধার হবে। তৃণমূল মানেই যে দুর্নীতি, এই ঘটনা তা আরও একবার প্রমাণ করল।"

উল্লেখ্য, গত পুর নির্বাচনে পুরুলিয়া পুরসভায় তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করলেও, নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভের জেরে গত বছর ডিসেম্বর মাসে তদানীন্তন তৃণমূল সরকারই বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসায়। তারপর ৬ মাস কেটে গিয়েছে। এর মধ্যেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং ক্ষমতায় এসেছে বিজেপি।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন তৃণমূলের নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান চলছে, ঠিক তখনই পুরুলিয়ার এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।