নিজস্ব প্রতিনিধি, পাড়া:
বজ্রপাতে মৃত্যু হল এক বালকের। আহত হল আরও তিন জন। রবিবার পুরুলিয়ার পাড়া থানার বৈশ্যাকুলি গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ তাজিমুল (১১)। তার বাড়ি বৈশ্যাকুলি গ্রামে। রবিবার বিকেলে হঠাৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় ওই বালক-সহ কয়েক জন খোলা জায়গায় থাকার সময় একটি তালগাছে বজ্রাঘাত হয়। তাতেই গুরুতর জখম হয় তারা।
স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখ তাজিমুলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জনের মধ্যে দুজনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনের চিকিৎসা সেখানেই চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।