অন্যান্য শহর

সাইকেল দিবস! রবিবার স্বয়ং ডিএম চাপলেন সাইকেলে

বিশ্ব সাইকেল দিবসকে সামনে রেখে জেলা জুড়ে শুরু হলো এক বহুমুখী সচেতনতা অভিযান। জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ 'সানডে অন সাইকেল'।
সাইকেল দিবস! রবিবার স্বয়ং ডিএম চাপলেন সাইকেলে

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

বিশ্ব সাইকেল দিবসকে সামনে রেখে জেলা জুড়ে শুরু হলো এক বহুমুখী সচেতনতা অভিযান।  জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ 'সানডে অন সাইকেল'।

গতানুগতিক সরকারি কর্মসূচির বাইরে গিয়ে, রবিবার সাতসকালে সাইকেলের প্যাডেলে পা মেলালেন প্রশাসনের শীর্ষ আধিকারিক  থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা। সাইকেল র‍্যালিটি প্রশাসনিক প্রাঙ্গণ থেকে শুরু হয়। পুরুলিয়া শহর পরিক্রমা করে  ১০ কিলোমিটারের এই বর্ণাঢ্য র‍্যালিটি আগামী দিনের তিনটি বড় সামাজিক ও স্বাস্থ্য লক্ষ্যমাত্রার ‌হিসেবে কাজ করছে।
কী কী সেই লক্ষ্য? পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম জানান, "আজকের এই ১০ কিলোমিটারের সাইকেল র‍্যালিটি আসলে একটা সূচনামাত্র। এর মাধ্যমে আমরা মূলত বিশ্ব যোগ দিবসের কাউন্টডাউন বা প্রস্তুতি পর্ব শুরু করে দিলাম। আগামী দুই সপ্তাহ ধরে জেলার প্রতিটি সরকারি দপ্তর, স্কুল এবং সর্বস্তরের সাধারণ মানুষকে যোগ দিবসের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এবং এর প্রস্তুতি নিতে জেলা জুড়ে বিশেষ তৎপরতা চালানো হবে। একই সাথে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জরুরি বার্তাগুলোও আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি।"

অন্যদিকে, পরিবেশ রক্ষা এবং প্রশাসনের এই যৌথ উদ্যোগ নিয়ে ডিএফও  অঞ্জন গুহ বলেন, "পরিবেশকে দূষণমুক্ত ও সুস্থ রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। মাননীয় ডিএম স্যারের এই সময়োপযোগী উদ্যোগে আমরা সবাই শামিল হয়েছি। গত ৫ই জুন আমরা 'এক পেড় মা কে নাম' কর্মসূচির সফল উদযাপন করেছি। আজ সাইকেল দিবসের এই উদ্যোগ আগামী দিনে একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে আমাদের আরও একধাপ এগিয়ে দেবে।"


এদিনের এই কর্মসূচিতে জেলাশাসক ও ডিএফও ছাড়াও উপস্থিত ছিলেন সিএমওএইচ  অতিরিক্ত পুলিশ সুপার  এডিএম  এবং এসডিও-র মতো জেলার শীর্ষস্তরের আধিকারিকরা।

এই সচেতনতা আন্দোলন কেবল পুরুলিয়া শহরের বুকেই আটকে নেই। রবিবারের এই কর্মসূচির সমান্তরালে জেলার প্রতিটি ব্লক ও মিউনিসিপ্যালিটি এলাকাতেও স্বতঃস্ফূর্তভাবে এই সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছে।