রাজনীতি শহর

তৃণমূল ছেড়ে সেই মূলে ফিরলেন বিভাস, "লক্ষ্য বিজেপির বিরুদ্ধে লড়াই"

তৃণমূল কংগ্রেস ছেড়ে পূর্বেই বেরিয়ে আসা পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী কাউন্সিলর বিভাসরঞ্জন দাস পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন।
তৃণমূল ছেড়ে সেই মূলে ফিরলেন বিভাস,

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

তৃণমূল কংগ্রেস ছেড়ে পূর্বেই বেরিয়ে আসা পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী কাউন্সিলর বিভাসরঞ্জন দাস পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। কলকাতার 'বিধান ভবন'-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে তিনি তাঁর পুরোনো দলে প্রত্যাবর্তন করেন।
কংগ্রেসে যোগদানের পর বিভাস দাস জানান যে, "ছাত্রজীবন থেকেই জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। মাঝে কিছু সময়ের জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও নিজের পুরনো আদর্শে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত সন্তুষ্ট"।

এই বিশেষ যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসি সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ ইনচার্জ প্রকাশ জোশী, এবং পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। বিভাস দাস জাতীয় ও রাজ্য স্তরের এই শীর্ষ নেতৃত্বের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরুলিয়া শহর ও জেলায় জাতীয় কংগ্রেসকে আবার শক্ত ভিতের ওপর দাঁড় করানোই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান বিভাস দাস। আগামী দিনে পুরুলিয়ার মাটিতে কংগ্রেসকে লড়াইয়ের জায়গায় নিয়ে আসা এবং সমস্ত পুরনো ও বর্তমান দলীয় কর্মীদের একই ছাতার তলায় এনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সার্বিক আন্দোলন গড়ে তোলা তাঁর আগামী লক্ষ্য বলে মন্তব্য করেন বিভাস।