ক্রাইম ব্লক

২৬০ কেজি পোস্ত খোসা পাচার আটকে দিলো বাঘমুন্ডি থানার পুলিশ, বাজেয়াপ্ত ট্রাক,ট্রাক্টর, বাইক

বিপুল পরিমাণ নিষিদ্ধ পোস্ত খোসা (পপি স্ট্র) উদ্ধার করল বাঘমুণ্ডি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি থানা এলাকার দুয়ারসিনি তেঁতুলতলার কাছে। নিষিদ্ধ মাদকের পাশাপাশি একটি মোটরবাইক, একটি ট্রাক্টর এবং একটি ট্রাকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
২৬০ কেজি পোস্ত খোসা পাচার আটকে দিলো বাঘমুন্ডি থানার পুলিশ, বাজেয়াপ্ত ট্রাক,ট্রাক্টর, বাইক

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

গোপন সূত্রের খবর পেয়ে বিশেষ  অভিযানে নেমে বিপুল পরিমাণ নিষিদ্ধ পোস্ত খোসা (পপি স্ট্র) উদ্ধার করল বাঘমুণ্ডি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি  থানা এলাকার দুয়ারসিনি তেঁতুলতলার কাছে। নিষিদ্ধ মাদকের পাশাপাশি একটি মোটরবাইক, একটি ট্রাক্টর এবং একটি ট্রাকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন মারফত খবর আসে যে দুয়ারসিনি তেঁতুলতলার কাছে মাদক পাচারের উদ্দেশ্যে কিছু যানবাহন জড়ো করা হয়েছে। খবরের সত্যতা যাচাই করে বাঘমুণ্ডি থানার একটি বিশেষ দল দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের গাড়ি আসতে দেখে এবং তাদের উপস্থিতি টের পেয়েই ঘটনাস্থলে থাকা পাচারকারীরা বেগতিক বুঝে নিজেদের যানবাহন ও মালপত্র ফেলে রেখে অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গল ও সংলগ্ন এলাকায় পালিয়ে যায়।

এরপর পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল, একটি ট্রাক্টর ও একটি ট্রাক আটক করে। ওই যানবাহনগুলিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১০টি সন্দেহভাজন নাইলনের বস্তা। পরে সমস্ত আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনে বস্তাগুলি খুলে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। বস্তাগুলি থেকে মোট ২৬০.৬৭৭ কেজি নিষিদ্ধ পোস্ত খড় (পপি স্ট্র) উদ্ধার হয়।


উদ্ধারকৃত বিপুল পরিমাণ পোস্ত খড় এবং পাচারে ব্যবহৃত তিনটি যানবাহনই নিয়ম মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। এই মাদক চোরাচালানের চক্রে কারা জড়িত, কোথা থেকে এই মাদক আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল‌  তা জানতে বাঘমুণ্ডি থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।  ঘটনায় জড়িত ব্যক্তিদের  চিহ্নিত  করতে  এবং তাদের গ্ৰেফতার  করার চেষ্টা চলছে।