ক্রাইম ব্লক

আড়শায় অবৈধ বালি মজুতের বিরুদ্ধে ফের অভিযান, বাজেয়াপ্ত প্রায় ৫০ হাজার সিএফটি বালি

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে আড়শা থানার পুলিশ এবং আড়শা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের যৌথ অভিযানে প্রায় ৫০ হাজার ৬০০ সিএফটি অবৈধ বালি বাজেয়াপ্ত করা হয়।
আড়শায় অবৈধ বালি মজুতের বিরুদ্ধে ফের অভিযান, বাজেয়াপ্ত প্রায় ৫০ হাজার সিএফটি বালি

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

ফের অবৈধ বালি মজুতের বিরুদ্ধে অভিযান চালাল পুরুলিয়া জেলা পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে আড়শা থানার পুলিশ এবং আড়শা ব্লক ভূমি ও ভূমি সংস্কার  দফতরের যৌথ অভিযানে প্রায় ৫০ হাজার ৬০০ সিএফটি অবৈধ বালি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়শা থানার সটরা ও রামজীবনপুর এলাকার পরিত্যক্ত খোলা জমিতে ২৬টি পৃথক স্তূপে বালি মজুত ছিল। এর মধ্যে সটরা মৌজা থেকে প্রায় ৪৬ হাজার ১০০ সিএফটি এবং রামজীবনপুর এলাকা থেকে ৪ হাজার ৫০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কয়েক দিন ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বেআইনিভাবে নদী থেকে বালি তুলে ওই এলাকায় মজুত করেছিলেন। পরে সেগুলি পাচার করার পরিকল্পনা ছিল।  আইন মেনে বাজেয়াপ্ত বালির নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে আড়শা থানার পুলিশ। বর্ষার আগে আড়শা থানা পুলিশের ধারাবাহিক অভিযানে খুশি এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত গত বুধবার এই এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ হাজার ৩০০ সিফটি বালি বাজেয়াপ্ত করেছিল আড়শা থানার পুলিশ ও ভূমি সংস্কার দফতর।