নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
প্রতিবেশীদের পুরোনো বিরোধ ঘিরে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বরাবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বরাবাজার থানার লটপদা এলাকার নোয়াডি গ্রামের বাসিন্দা রঞ্জিত মিশ্র থানায় দায়ের করা অভিযোগে জানান, শনিবার সকালে তিনি গ্রামের একটি পুকুরে স্নান করতে গেলে প্রতিবেশী ফলারি মাহাতো হঠাৎ তার উপর আক্রমণ চালায়। অভিযোগ, প্রথমে তাকে গালিগালাজ করা হয় এবং পরে বেধড়ক মারধর করা হয়। এমনকি একটি লাঠি দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শনিবার বরাবাজার থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়। এরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুরোনো শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।