শুভদীপ মাহাতো, পুরুলিয়া:
২৭ তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার বীরত্ব ও শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরুলিয়া শহরে এক বর্ণাঢ্য র্র্যলি আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের সদস্য ও স্থানীয় ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় পতাকা ও এবিভিপির পতাকায় সাজিয়ে তোলা হয় পুরুলিয়া শহরের রাজপথ। হাতে জাতীয় পতাকা ও কার্গিল বিজয় দিবস লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয়।
এবিভিপির নগর সহ সম্পাদক দিব্যজ্যোতি রায় জানান, "ভারতীয় সেনাবাহিনীর সমর্থনে এবং দেশের সীমান্ত রক্ষায় জীবন উৎসর্গকারী জওয়ানদের সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জওয়ানরা সীমান্ত পাহারা দিচ্ছেন বলেই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারছেন।" এর পাশাপাশি, সেনার অবমাননাকারীদের তীব্র ধিক্কার জানিয়ে তিনি সকল রাষ্ট্রবাদী ছাত্রসমাজকে দেশগঠন ও ভারতমাতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
ভারত মাতা কি জয় এবং ভারতীয় সেনা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র শহর। কার্গিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।