নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও কুসংস্কারমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের মেধা অন্বেষণ ও বিজ্ঞানমনস্কতা পরীক্ষা"-র শুভ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার জেলা বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে জেলার মেধা ও যুক্তিবাদের এক উজ্জ্বল ছবি ধরা পড়ে।
বিজ্ঞান মঞ্চ সূত্রের খবর, জেলার ৩৭টি কেন্দ্র থেকে ৫,০০০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন, যার মধ্যে সফল ৭৭ জন শিক্ষার্থীকে তাঁদের কৃতি পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয়। পরীক্ষাটি বাংলা, উর্দু, হিন্দি এবং ইংরেজি এই চারটি মাধ্যমেই পরিচালিত হয়েছিল। কৃতীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এই চার ভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।
প্রতিষ্ঠানগত সাফল্যের বিচারে এ বছর বিশেষ নজর কেড়েছে জয়পুরের চাঁপাইটাড় হাইস্কুল সেখান থেকে সর্বোচ্চ ১৩ জন শিক্ষার্থী পুরস্কার জয় করে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে বিজ্ঞান আন্দোলনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সঞ্জয় অধিকারী, লক্ষীকান্ত মন্ডল, সত্য সাধন কুন্ডু, সুমন কর্মকার এবং মল্লিকা সান্যাল।
পরীক্ষার মূল উদ্দেশ্য ও ভাবনা তুলে ধরে বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, "এই পরীক্ষার উদ্দেশ্য কেবল সিলেবাসের পাঠ্যক্রমে আবদ্ধ থেকে ভালো নম্বর পাওয়া নয়। আমাদের আসল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, যাতে তারা একটি কুসংস্কারমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। সেই কারণেই পরীক্ষার প্রশ্নপত্রে পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, পরিবেশ দূষণ এবং সাপে কাটা বা কুকুরে কামড়ানোর মতো ঘটনায় চিকিৎসাবিজ্ঞানভিত্তিক করণীয় ও কুসংস্কারবিরোধী বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।"