ক্রাইম ব্লক

৫টি মদের কারখানা! অযোধ্যা পাহাড় এলাকায় এ কী কাণ্ড!

বৃহস্পতিবার সকালে লুকাইচাটানি, হেদেলবেড়া, সালুনি এবং ঘাটবেড়া জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৫টি বেআইনি মদ তৈরির কারখানা।
৫টি মদের কারখানা! অযোধ্যা পাহাড় এলাকায় এ কী কাণ্ড!

 


নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা:

গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়চূড়া ও তৎসংলগ্ন জঙ্গল এলাকায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালালো  জেলা পুলিশ ও আবগারি দপ্তর। বৃহস্পতিবার সকালে লুকাইচাটানি, হেদেলবেড়া, সালুনি এবং ঘাটবেড়া জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৫টি বেআইনি মদ তৈরির কারখানা।

অভিযান চলাকালীন পুলিশ ও আবগারি আধিকারিকরা জঙ্গল এলাকা থেকে প্রায় ১,৮০০ লিটার মদ তৈরির সামগ্রী উদ্ধার করে ঘটনাস্থলেই নষ্ট করে দেন। এ ছাড়া তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ৬০ লিটার বেআইনি দেশি মদ  এবং মদ তৈরির কাজে ব্যবহৃত ১০টি বিশালাকার অ্যালুমিনিয়াম ও মাটির হাঁড়ি-বাসন। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

আবগারি দপ্তরের পক্ষ থেকে এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, জেলাজুড়ে বেআইনি মদ তৈরি ও সরবরাহ বন্ধ করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।নিরাপত্তা বজায় রাখতে এবং সমাজবিরোধী কাজকর্ম রুখতে জেলা পুলিশ জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছে।