নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জেলায় ৩ গণনা কেন্দ্রে ৩ স্ট্রং রুম। আর সেই স্ট্রং রুমে বন্দী ৯ বিধানসভার ৮৬ প্রার্থীর ভাগ্য। গণনা রয়েছে ৪ মে । ততদিন পুরুলিয়ায় থাকছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আইন শৃঙ্খলা ও এরিয়া ডমিনেশনের কাজে যুক্ত থাকবে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বৃহস্পতিবার দিনরাত সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি ও স্ট্রং রুমে ছিলেন পুরুলিয়ার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সুধীর কোন্থম ও পুলিশ সুপার বৈভব তেওয়ারি । শুক্রবার মানবাজারের মানভূম মহাবিদ্যালয় ও রঘুনাথপুর কলেজ গণনা কেন্দ্রের স্ট্রং রুমগুলি পরিদর্শন করেন তাঁরা। ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ ডিসিআরসি থেকে ইভিএমগুলি নিয়ে আসা হয় সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুমে। জেলাশাসক বলেন," নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা স্ট্রং রুমগুলি পরিদর্শন করেছি। প্রার্থীদের উপস্থিতিতে স্ট্রং রুম সিল করা হয়েছে।"
ভোট নির্বিঘ্নে মিটলেও, গণনার আগে এই জেলায় কোনরকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন। তাই পুরুলিয়া জেলা পুলিশের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন ভোট মেটার পরেও চলবে।