নিজস্ব প্রতিনিধি, হুড়া:
পুকুর পাড়ে একাকীত্বের সুযোগ নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সঞ্জয় মুদি। তার বাড়ি হুড়া থানার আড়ালকোচা গ্রামে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে ডাক্তারি পরীক্ষার পর এদিন আদালতে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা তরুণী।
সোমবার হুড়া থানায় ওই তরুণী একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানান, রবিবার সন্ধ্যায় পুকুরে যাওয়ার সময় অভিযুক্ত যুবক তাকে জাপটে ধরে একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মারধরের পাশাপশি এই ঘটনার কথা যাতে কাউকে না জানায় তার জন্য হুমকিও দেওয়া হয়। পরে অভিযুক্ত যুবক তার ভাইকেও মারধর করে বলে দাবি তরুণীর। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।