insta logo
Loading ...
×

অসুস্থ দশম শ্রেণি ছাত্রীর পাশে দাঁড়াল নপাড়া হাইস্কুলের প্রাক্তনীরা

অসুস্থ দশম শ্রেণি ছাত্রীর পাশে দাঁড়াল নপাড়া হাইস্কুলের প্রাক্তনীরা

দেবীলাল মাহাত, ঝালদা:

কয়েক বছর ধরে পেটের কঠিন সমস্যায় ভুগছে জারগো হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী রিয়া স্বর্ণকার । এদিকে পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় । অসুস্থ অবস্থায় মনের জোরে এবছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে । চিকিৎসায় সাহায্য করতে সেই ছাত্রীর পাশে দাঁড়ালো নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬-২০০৮ উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীরা। রবিবার ঝালদা থানার জারগো গ্রামে গিয়ে সেই ছাত্রীর পরিবারের হাতে আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা।

জানা গিয়েছে জারগো হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী রিয়া স্বর্ণকার দু’বছর ধরে পেটের কঠিন সমস্যায় ভুগছে । এলাকার চিকিৎসকদের কাছে চিকিৎসা করিয়েও ফল হয়নি। পাঁচ মাস আগে পেটে শুরু হয় অসহ্য যন্ত্রণা । তারপরেই হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার আসল রোগ ধরা পড়ে। চিকিৎসকরা আশ্বাস দেন রোগ পুরোপুরি সেরে যাবে। তবে দীর্ঘকালীন চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাতেই চিন্তায় পড়ে যান ওই ছাত্রীর পরিবার। স্যোশাল মিডিয়ায় সেই খবর পান নপাড়া স্কুলের কিছু প্রাক্তনীরা। তারপরেই ওই ছাত্রীর চিকিৎসায় সাহায্য করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন তারা। প্রাক্তনীদের হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা ছিলই । সেখানে প্রস্তাব ওঠায় সকলেই একবাক্যে রাজি হয়ে যান। অনেকেই কর্মসূত্রে দূর দূরান্তে থাকলেও ইউপিআইডি খুলে অনলাইনে শুরু হয় অর্থ সংগ্রহের কাজ। ওই স্কুল ছাত্রীর বাবা রাধু স্বর্ণকার বলেন, “পরিবারের অবস্থা একদম ভালো না। বাড়িতে সামান্য যা টাকা ছিল মেয়ের চিকিৎসার জন্য তা খরচ হয়ে গিয়েছে। ওই স্কুলের প্রাক্তনীরা মেয়ের কাছে এভাবে পাশে দাঁড়ানোয় মেয়েও উজ্জীবিত। “

নপাড়া স্কুলের প্রাক্তনী রঞ্জন মাহাত, বিপ্লব মাহাত,ভগতু সহিস বলেন, “ওই ছাত্রীর অসুস্থতার খবর পেয়ে আমরা তার চিকিৎসায় সাহায্য করতে উদ্যোগী হই। সবাই প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।”

অসুস্থ ছাত্রী রিয়া স্বর্ণকার বলে, “স্কুলের দাদা দিদিরা আমার পাশে এই ভাবে দাঁড়াবে ভাবতে পারছি না । সুস্থ হয়ে ভালোভাবে লেখাপড়া করতে চাই।”

Post Comment