insta logo
Loading ...
×

ডাইনি সন্দেহে খু*ন, পাড়ায় গ্রেফতার আরও ২

ডাইনি সন্দেহে খু*ন, পাড়ায় গ্রেফতার আরও ২

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

ডাইনি সন্দেহে আদিবাসী বধূকে নৃশংস খুনের ঘটনায় ফের গ্রেফতার। বৃহস্পতিবার পাকড়াও করা হল মৃতার ভাইপো প্রকাশ টুডু ও তাঁর স্ত্রী সোনালি মুর্মুকে। পুলিশ সূত্রের খবর, দু’জনেরই বাড়ি পাড়া থানার চাপুড়ি গ্রামেই। এদিন রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সব মিলিয়ে এই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

কালীপুজোর রাত, ২০ অক্টোবর। অভিযোগ, চাপুড়ি গ্রামের পদবী টুডু নামে এক আদিবাসী বধূকে ডাইনি অপবাদ দিয়ে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে প্রকাশ্যে মারধর করা হয়। শেষে পিটিয়ে খুন। রাতেই মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পাড়া থানার পুলিশ। অভিযুক্ত হিসেবে নাম ওঠে মৃতার ভাশুর, জা, দেওর-সহ আরও কয়েকজনের। সেদিনই প্রথম দফায় গ্রেফতার করা হয় ৬ জনকে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের ঘটনায় জড়িত ছিলেন প্রকাশ এবং তাঁর স্ত্রী সোনালি-ও। ধীরে ধীরে তাঁদের নামও উঠে আসে মূল ষড়যন্ত্রের তালিকায়। তবে এখনও অধরা অভিযোগে নাম থাকা দুই জা। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনার পরই সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। সেই প্রতিবেদন হাতে এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানাচ্ছে পুলিশ মহল।

Post Comment