নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ঘটনায় গুরুতর জখম তার বছর পাঁচেকের ছেলে। রবিবার ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর- বাঁকুড়া রাজ্য সড়কের চিনপিনা রেলগেটের পাশে। মৃতার নাম পূজা মাজী (২৫)।
জানা গিয়েছে, রঘুনাথপুর থানার লায়েকডাঙ্গা নিজের গ্রাম থেকে স্কুটিতে করে ছেলেকে নিয়ে গোবিন্দপুর গ্রামে আসছিলেন ওই মহিলা। আসার পথে চিনপিনা রেলগেটের সামনে একটি ট্রাক তাদের স্কুটিকে ধাক্কা মারে । সাথেসাথেই লরির চাকায় পিষ্ট হয়ে যান দুজন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। তাঁদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাচ্চাটিকে ভর্তি করা হয় দুর্গাপুরে । ঘটনার পরেই রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। যান নিয়ন্ত্রণ ও ক্ষতি পূরণের দাবি তোলেন। পুলিশ যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা।











Post Comment