insta logo
Loading ...
×

ভ্রাম্যমান সুফল বাংলা বিপণী চালু, প্রশাসনের নজরে কৃষক ক্রেতা সংযোগ

ভ্রাম্যমান সুফল বাংলা বিপণী চালু, প্রশাসনের নজরে কৃষক ক্রেতা সংযোগ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়ার শহরবাসীর জন্য সুখবর। এবার আর বাজারে সবজি কিনতে গিয়ে তাজা-বাসি নিয়ে দ্বিধায় পড়তে হবে না। চাষের জমি থেকে সরাসরি শহরের মানুষের হাতে পৌঁছে যাবে একেবারে টাটকা সবজি। এই লক্ষ্যেই পুরুলিয়ায় শুরু হলো ভ্রাম্যমান সুফল বাংলা বিপণী।

শুক্রবার সকালে পুরুলিয়া সার্কিট হাউস চত্বর থেকে দুটি ভ্রাম্যমান সুফল বাংলা গাড়ির আনুষ্ঠানিক সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে পরিষেবার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও জেলাশাসক সুধীর কোন্থাম।
প্রশাসনের দাবি, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন শহরবাসী সরকার নির্ধারিত দামে টাটকা সবজি পাবেন, তেমনই কৃষকরাও তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য ও বাড়তি আয়ের সুযোগ পাবেন। পাশাপাশি বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

পুরুলিয়া জেলাশাসক সুধীর কোন্থাম বলেন, “ভ্রাম্যমান সুফল বাংলা প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষক ও ক্রেতার মধ্যে সরাসরি যোগসূত্র তৈরি করা। এতে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং সাধারণ মানুষ সঠিক দামে টাটকা সবজি কিনতে পারবেন।”

এই প্রকল্প রাজ্যের কৃষি বিপণন দফতর ও পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রী রাজ্যের মোট ৫০টি ভ্রাম্যমান সুফল বাংলা গাড়ির উদ্বোধন করেন। সেই পর্বে পুরুলিয়া জেলা পেয়েছে দুটি গাড়ি।
পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, “এই উদ্যোগে শহরের মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই কৃষকদের আয়ও বাড়বে। ধীরে ধীরে এই পরিষেবা আরও বিস্তৃত করা হবে।”

কৃষি বিপণন দফতর সূত্রে জানা গেছে, পুরুলিয়া শহরের চারটি গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে নির্দিষ্ট সূচি অনুযায়ী এই ভ্রাম্যমান গাড়িগুলি পরিষেবা দেবে। বড় হাটের মোড়, জেলা গ্রামোন্নয়ন সংস্থা সংলগ্ন প্রশাসনিক কার্যালয়, রাঁচি রোড এবং গোশালা মোড় বাজার—এই চারটি এলাকায় সপ্তাহের বিভিন্ন দিনে সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সবজি বিক্রি হবে।
এই প্রকল্পে সবজি সরবরাহের দায়িত্ব পেয়েছে আড়শা গ্রিন ফিল্ড ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। নিয়ম অনুযায়ী বিক্রির মোট লভ্যাংশের ২ শতাংশ সরকার পাবে এবং বাকি অংশ থাকবে ফার্মার্স প্রডিউসার কোম্পানির হাতে। ফলে কৃষকদের জন্য তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রবি আগরওয়াল, কৃষি বিপণন দফতরের আধিকারিক ভবেশচন্দ্র দাস এবং জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব আশিক ইকবাল মণ্ডল। প্রশাসনের আশা, ভবিষ্যতে গাড়ির সংখ্যা বাড়লে এই পরিষেবা আরও বিস্তৃত হবে এবং পুরুলিয়া শহরের বাজার ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।

Post Comment