insta logo
Loading ...
×

দোল-হোলির গানে বান্দোয়ানে উড়লো সবুজ আবির, পরিবেশবান্ধব বার্তা রাজীবলোচনের

দোল-হোলির গানে বান্দোয়ানে উড়লো সবুজ আবির, পরিবেশবান্ধব বার্তা রাজীবলোচনের

শুভদীপ মাহাতো, বান্দোয়ান:

জনপ্রতিনিধি স্ত্রীকে নিয়ে বান্দোয়ানের মানুষজনের সঙ্গে সবুজ আবির খেললেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি রাজীবলোচন সোরেন। শুক্রবার হোলির দিন বরাবরের মতো এবারও তৃণমূল জেলা সভাপতির সঙ্গে দলের নেতা-কর্মীরা ছাড়াও ছিলেন স্ত্রী তথা পুরুলিয়া জেলা পরিষদের
জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেন। বান্দোয়ানে নিজের বাড়ি থেকে বার হয়ে বিধায়ক রাজীবলোচন রাস্তার দু’পাশে থাকা একের পর এক বিভিন্ন দোকানের মালিক এমনকি খরিদ্দারকে সবুজ আবির মাখিয়ে ভোটের আবহে আলাদা বার্তা দেন। নির্বাচন নিয়ে একটা কথা না বললেও এদিন জঙ্গলমহল বান্দোয়ানের বাজারে যেভাবে সবুজ আবির উড়লো তাতে শাসক দল তৃণমূলের রাজনৈতিক বার্তা ছড়িয়ে গিয়েছে। বিধায়কের নেতৃত্বে ওই আবির খেলার টিম বান্দোয়ান থানাতেও যায়। আইন-শৃঙ্খলার কাজে সবসময় ব্যস্ত থাকা পুলিশ কর্মীদেরকেও আবির মাখিয়ে এই উৎসবের দিনেও তারা যেভাবে মানুষের বন্ধু হয়ে কাজ করেন তার প্রশংসা করেন বিধায়ক। এই আবির খেলার জনসংযোগ কর্মসূচিতে বিধায়ককে রঙ মাখান তাঁর স্ত্রী প্রতিমা সোরেনও।

বিধায়কের এই কর্মসূচিতে যেভাবে সাউন্ড সিস্টেমে দোল-হোলির গান বাজিয়ে রঙ খেলার কর্মসূচি পালিত হলো তা নজর কাড়লো এলাকায়। বিধায়ক বলেন, ” ফি বছরই দোল- হোলিতে আমরা এই কর্মসূচি পালন করি। সবুজ আবির মাখিয়ে জঙ্গলমহল বান্দোয়ানবাসীকে পরিবেশবান্ধব বার্তা দিলাম। ” তবে রাজনৈতিক মহল বলছে, দোল-হোলিতে একেবারে সবুজ অভিনন্দন!

Post Comment