insta logo
Loading ...
×

রাজ্য সড়কে দুষ্কৃতী তাণ্ডব পাথর বোঝাই লরি আটকে হামলা, চার অভিযুক্ত গ্রেফতার

রাজ্য সড়কে দুষ্কৃতী তাণ্ডব পাথর বোঝাই লরি আটকে হামলা, চার অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,পাড়া:

পাথর বোঝাই একটি লরি আটক করে চালকের উপর হামলা ও তোলাবাজির অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের কোডার্মা জেলার জয়নগর থানার বার বারওয়াডি গ্রামের বাসিন্দা লরি চালক নন্দলাল সাও রবিবার গভীর রাতে চন্দনকিয়ারী–রঘুনাথপুর সড়ক দিয়ে পাথর বোঝাই লরি নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, পাড়া থানার কাঁকডিহা মোড় এলাকায় কয়েকজন দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে মাঝরাস্তায় তার গাড়ি আটকায়। এরপর চালককে ভয় দেখিয়ে গাড়ির দরজা খুলতে বাধ্য করা হয়।
চালকের অভিযোগ, তাকে লরি থেকে টেনে নামিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পাশাপাশি দুষ্কৃতীরা রাস্তার মাঝেই লরি থেকে পাথর নামিয়ে দিয়ে যান চলাচল আংশিকভাবে ব্যাহত করে।
পরিস্থিতি বদলায় যখন ওই পথ ধরে অন্যান্য গাড়ি এসে পৌঁছায়। তখন অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে অন্যান্য চালকেরাই জখম নন্দলাল সাওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর সোমবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পাড়া থানার পুলিশ। দ্রুত তদন্ত চালিয়ে ইস্তিয়াক আনসারী, বিনোদ মাহাত, রাজকিশোর মাহাত ও কৃষ্ণ মাহাত নামে চারজনকে গ্রেফতার করা হয়। প্রথম অভিযুক্তের বাড়ি দুবড়া গ্রামে এবং বাকি তিনজনের বাড়ি রাহেড়ডি গ্রামে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment