insta logo
Loading ...
×

অপহরণ করে ব্যবসার টাকা উসুল। ওড়িশা থেকে উদ্ধার নাবালক

অপহরণ করে ব্যবসার টাকা উসুল। ওড়িশা থেকে উদ্ধার নাবালক

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

ব্যবসার বকেয়া টাকা আদায় করতে খাতকের ছেলেকে অপহরণ করল পাওনাদার। অপহৃত কিশোরকে ওড়িশা থেকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্তের সন্ধান চলছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলরামপুর থানার রসুলডি গ্রামে।

বলরামপুর থানার রসুলডি গ্রামের গরু ব্যবসায়ী রেয়াজউদ্দিনের কাছ থেকে ব্যবসার কুড়ি লাখ টাকা পেতো ওড়িশার সুন্দরগড় জেলার কুটরা থানার ঘটকুলবাহার গ্রামের বাসিন্দা মহম্মদ কেশ নামে এক ব্যক্তি।

শনিবার বলরামপুর থানার দ্বারস্থ হয়ে রসুলডি গ্রামের বাসিন্দা রেয়াজউদ্দিন আনসারি পুলিশকে জানান শুক্রবার রাত থেকে তার এগারো বছরের ছেলেকে খুঁজে পাচ্ছেন না। পরে তিনি জানতে পারেন তার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে মহম্মদ কেশ।শুক্রবার রসুলডি গ্রামে একটি বিয়ে বাড়িতে এসেছিল সে। আর তখনই গাড়িতে চাপিয়ে অপহরণ করে নিয়ে যায় ছেলেকে। ওড়িশা পৌঁছে রসুলডি গ্রামের এক ব্যক্তিকে ফোন করে অভিযুক্ত ব্যক্তি জানায় বকেয়া কুড়ি লাখ টাকা দিলে ছেলেকে ফেরত দেওয়া হবে।

পরিবারের তরফে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে টাকা মেটানো হয়। অন্যদিকে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহৃত কিশোরকে উদ্ধার করে। যদিও অপহরণকারীর খোঁজ মেলেনি।

রবিবার উদ্ধার হওয়া কিশোরকে শিশু রক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হয়। বাবা ও ছেলের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিক।

Post Comment