insta logo
Loading ...
×

নাবালিকার চরম সর্বনাশ! যুবকের যাবজ্জীবন সাজা পুরুলিয়া আদালতে

নাবালিকার চরম সর্বনাশ! যুবকের যাবজ্জীবন সাজা পুরুলিয়া আদালতে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নাবালিকার উপর নৃশংস যৌন নির্যাতনের ঘটনায় কড়া সাজা দিল পুরুলিয়া জেলা আদালত। বাড়িতে ঢুকে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অপরাধে অভিযুক্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল বিশেষ পকসো আদালত।
মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতের বিশেষ পকসো কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রানা দাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তের নাম মনোজ কুইরি। তার বাড়ি পুরুলিয়ার জয়পুর থানার অন্তর্গত সিধী গ্রামে।

এই মামলার সরকারি আইনজীবী টবি ত্রিপাঠী জানান, “আদালতে পেশ হওয়া চিকিৎসা রিপোর্ট, নির্যাতিতার গোপন জবানবন্দি এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযুক্তের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিচারক সেই কারণেই কঠোর শাস্তি প্রদান করেছেন।”

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর গভীর রাতে। নির্যাতিতার বাবা-মা আত্মীয়ের বিয়ে বাড়িতে যাওয়ায়, বাড়িতে ছোট ভাইকে নিয়ে একাই ঘুমোচ্ছিল বছর সতেরোর ওই নাবালিকা। সেই সুযোগে প্রতিবেশী অভিযুক্ত যুবক গভীর রাতে বাড়িতে ঢুকে জোরপূর্বক একাধিকবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
চরম মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্যেও ভোরের দিকে কোনওক্রমে ওই নাবালিকা পালিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয় এবং ঘটনার কথা জানায়। পরদিন, অর্থাৎ ২০ সেপ্টেম্বর, সাহসিকতার সঙ্গে নিজেই জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয় এবং আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। তদন্তে নেমে পুলিশ কয়েক দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে।

জয়পুরের বাগলতা তদন্ত কেন্দ্রের তৎকালীন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস এক মাসের মধ্যেই চার্জশিট জমা দেন। ফলে অভিযুক্তের বিরুদ্ধে কাস্টডি ট্রায়াল শুরু হয়। দীর্ঘ চার বছর ধরে চলা বিচারপ্রক্রিয়া শেষে অবশেষে তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।

Post Comment