insta logo
Loading ...
×

ছেলেধরা গুজবের আবহে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার, গণপিটুনি থেকে বাঁচালো পুলিশ

ছেলেধরা গুজবের আবহে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার, গণপিটুনি থেকে বাঁচালো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

ছেলেধরা নেই। সম্পূর্ণ গুজব।

সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তে ‘ছেলেধরা’ সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এই আবহের মধ্যেই সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা রুখতে দ্রুত ও মানবিক পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন। গণপিটুনির আশঙ্কা থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিতুড়িয়া থানা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি সুস্পষ্টভাবে কথা বলতে বা নিজের পরিচয় জানাতে পারছিলেন না। একই সময়ে সোশ্যাল মিডিয়া ও মুখে মুখে ছড়িয়ে পড়া গুজবের কারণে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও আতঙ্ক বাড়ছিল। ফলে যে কোনও মুহূর্তে ভুল বোঝাবুঝি থেকে গণরোষের পরিস্থিতি তৈরি হতে পারত বলে আশঙ্কা ছিল।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নিতুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইভ জিরো টু হান্ড্রেড হেলপ্লিং হ্যান্ড স্ট্রিমের’ সদস্যরা। উভয়ের যৌথ উদ্যোগে যুবকটিকে নিরাপদে হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিকভাবে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ২৫ ফেব্রুয়ারি যুবকটিকে পুরুলিয়ার আপনা ঘর আশ্রমের হাতে দেওয়া হয়েছে , যাতে তিনি নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসা পান। পাশাপাশি তার পরিচয় শনাক্তকরণ ও পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে অবিলম্বে থানায় বা পুলিশের কন্ট্রোল রুমে খবর দিতে হবে। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে হঠকারী সিদ্ধান্ত নিলে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।

Post Comment