তাপস কুইরি ও বিশ্বজিৎ সিং সর্দার, বাঘমুন্ডি: বাড়ি না পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বাঘমুন্ডির চড়িদার শিল্পীরা। শুক্রবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত তাদের পথ অবরোধ চলে বাঘমুন্ডি- ঝালদা সড়কে। এই অবরোধের খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ আসে। কিন্তু পুলিশ সেই অবরোধ তুলতে পারেনি। তারপর বাঘমুন্ডির যুগ্ম বিডিও প্রসেনজিৎ মন্ডল অবরোধ স্থলে এসে পরিস্থিতি সামাল দেন। তিনি আশ্বাস দেন বিষয়টি দেখার। তারপরে অবরোধ ওঠে। কিন্তু পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ের প্রেক্ষিতে নতুন করে বাড়ি পাবার তালিকায় নাম ওঠার এক্তিয়ার প্রশাসনের আওতাভুক্ত নয়। জেলা প্রশাসন শুধু আবাস প্লাস অপেক্ষমান তালিকার
যাচাইকরন এবং মুখ্যমন্ত্রীর কাছে যারা আবেদন করেছিলেন বাড়ির জন্য সেই তালিকা যাচাইকরনের কাজ করেন। যা প্রায় শেষের মুখে। সেই সঙ্গে ইতিমধ্যেই সুপার চেকিং-র কাজ শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে চেকিং শুরু করেছে পুলিশও। তবে অবরোধ নিয়ে ওই যুগ্ম বিডিও কোন কথা বলতে চাননি। এই সমস্যার সমাধান না হলে মুখোশ শিল্পীরা বৃহত্তর আন্দোলনে নামবেন। সেই কথাও প্রশাসনকে জানিয়ে দিয়েছেন।
ওই দিন মুখোশ শিল্পীরা রাস্তায় বসে পড়ে মুখোশ তৈরীর কাজও করেন। ওই অভিনব প্রতিবাদ দেখতে এলাকায় ভিড় জমে যায়। শিল্পীদের অভিযোগ, বারবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েও বাড়ির বিষয়ে কোনো সুরাহা হয়নি। বাড়ি না থাকায় তারা ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে হরিবোল মন্দির, এমনকি দুর্গা মেলাতেও রাত কাটান। মুখোশ শিল্পী রাহুল সূত্রধর, শুকুরমনি কালিন্দী বলেন, ” আমরা বারে বারে বাড়ির জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোন ফল হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে অবরোধ শুরু করলাম। ” তাদের এই অবরোধে শামিল হন এলাকার মানুষজনও।









Post Comment