insta logo
Loading ...
×

নেশার বিরুদ্ধে ম্যারাথন ঝালদায়

নেশার বিরুদ্ধে ম্যারাথন ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

নেশার বিরুদ্ধে বার্তা ও যুব সমাজকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ছয় কিলোমিটার ম্যারাথন দৌড় । রবিবার ঝালদার মাড়ু-মসিনা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় গোকুলনগরের পঞ্চ শহীদ মোড়ে। শহিদ দিবস উপলক্ষে আয়োজিত এই দৌড়ে বিপুল সংখ্যক যুবকের অংশগ্রহণ নজর কাড়ে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঝাড়খণ্ডের রাঁচির গুলশান ডুঙডুঙ। দ্বিতীয় হন ঝাড়গ্রামের প্রদীপ মাহাত এবং তৃতীয় স্থান পান রঘুনাথপুরের রমেশ বাউরি।
উদ্যোক্তা কমিটির সভাপতি পরশুরাম মাহাত বলেন, “বর্তমান সমাজে নেশা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে যুবকদের সঠিক পথে ফেরানো এবং একটি সুস্থ সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাকর্মী যোগেশ্বর মাহাত বলেন, “শহিদদের স্মরণে এমন স্বাস্থ্যকর কর্মসূচি নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও শৃঙ্খলার বার্তা পৌঁছে দেয়। এই ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে পড়া দরকার।”
সেই সঙ্গে এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী সুকুমার মাহাত ও হিমাংশু মাহাত-সহ বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, আইন অমান্য আন্দোলনের সময় ১৯৩১ সালের ১৫ জানুয়ারি ঝালদা সত্যমেলায় ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন গোকুল মাহাত, গণেশ মাহাত, মোহন মাহাত, শীতল মাহাত ও সহদেব মাহাত। তাঁদের স্মৃতিতেই প্রতি বছর ঝালদা পাঁচ শহিদ সেউরন দঁহগি কমিটির উদ্যোগে স্মরণ কর্মসূচি পালিত হয়। চলতি বছরও ১৫ জানুয়ারি শহিদদের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় এবং ১৭ জানুয়ারি ম্যারাথন দৌড়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Post Comment