insta logo
Loading ...
×

মাও নামাঙ্কিত পোস্টার, বনধ না মানলেই মৃ*ত্যুদণ্ড, চাঞ্চল্য বোরোতে

মাও নামাঙ্কিত পোস্টার, বনধ না মানলেই মৃ*ত্যুদণ্ড, চাঞ্চল্য বোরোতে

নিজস্ব প্রতিনিধি, বোরো:

বুধবার সকালে পুরুলিয়ার বোরো থানার আঁকরো এলাকায় সাদা কাগজে লাল কালিতে লেখা ‘মাওবাদী’ নামাঙ্কিত একটি পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে লেখা, “২০২৬ এবার খেলবে মাওবাদীরা। বনধ না মানলেই মৃত্যুদণ্ড।” তবে কবে ও কোথায় বনধ, সে বিষয়ে কোনও উল্লেখ না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, ওই পোস্টার সিপিআই (মাওবাদী)-র নয়। সূত্রটি জানিয়েছে, ভোটের আগে এমন পোস্টার পুরুলিয়া-সহ জঙ্গলমহলের কয়েকটি জেলায় আগেও দেখা গিয়েছে। এক সময় যাঁদের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ ছিল বা যাঁরা ‘লিঙ্কম্যান’ হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের অনেকেই সমাজের মূল স্রোতে ফিরলেও চাকরি না পাওয়ায় নজর কাড়তে এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্টার লাগান বলে পুলিশের ধারণা। সাধারণত এই পোস্টারগুলিতে বক্তব্য অস্পষ্ট থাকে, আতঙ্ক ছড়ানোই মূল উদ্দেশ্য। ২০২১-এর বিধানসভা, ২০২৩-এর পঞ্চায়েত এবং ২০২৪-এর লোকসভা ভোটের আগেও এমন নজির রয়েছে।

সূত্রের আরও বক্তব্য, এই ধরনের পোস্টারে বানান ভুল থাকে, পোস্টারদাতাদের নাম সঠিকভাবে লেখা থাকে না। অথচ মাওবাদীদের প্রকৃত পোস্টারে নীচে স্পষ্টভাবে ‘সিপিআই (মাওবাদী)’ লেখা থাকে এবং হাতের লেখাও পরিষ্কার ও পরিপাটি হয়।

এ প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, “মাওবাদীদের পোস্টার হলে সাধারণত নীচে ‘সিপিআই (মাওবাদী)’ লেখা থাকে। এখানে তা নেই। আমাদের প্রাথমিক অনুমান, এটি দুষ্কৃতীদের কাজ। আতঙ্ক ছড়াতেই এমন চেষ্টা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Post Comment