অমরেশ দত্ত , বোরো:
ডানা রেডি। এবার উড়ানের অপেক্ষা। অভিনব উদ্যোগ নিয়েছে মানবাজার ২ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি।
প্রতিযোগিতামূলক চাকরি প্রার্থীদের বিনামূল্যে কোচিং সেন্টার চালু করল তারা। মানবাজার ২ ব্লকে এই কোচিং সেন্টারের পোশাকি নাম উড়ান। ৭৬ জন পড়ুয়াকে নিয়ে শুরু হল পথ চলা। শুক্রবার মানবাজার ২ ব্লক কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কোচিং সেন্টারের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ ) আদিত্য বিক্রম মোহন হিরানি, মানবাজারের মহকুমা শাসক মানজার হোসেন আনজুম, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীবলোচন সরেন, মানবাজার ২ নং ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস সহ অন্যান্যরা।

ব্লক সূত্রে জানা গিয়েছে, মানবাজার ২ নং ব্লক এলাকার দুঃস্থ পড়ুয়াদের চাকরির পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতির সুযোগ নেই৷ প্রত্যন্ত এই ব্লক এলাকা থেকে পুরুলিয়া জেলা সদরের দূরত্ব অনেক। ফলে তারা যাতে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত যে ৭৬ জন পড়ুয়া নিয়ে উড়ানের পথ চলা শুরু, তার মধ্যে ৫ জন শবর পড়ুয়াও রয়েছে।

ব্লক চত্বরে কোচিং সেন্টারে থাকছে স্মার্ট ক্লাশ রুমের ব্যবস্থা। চালু করা হয়েছে লাইব্রেরিও । সমস্ত ধরনের বই থাকবে সেখানে। স্থানীয় শিক্ষকরা পালা করে পাঠদান করবেন। পাশাপশি ক্লাস নেবেন সরকারি আধিকারিকরাও। মানবাজার ২ নং ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস বলেন,” পড়ুয়াদের পড়ানোর পাশাপশি তাদের শারীরিক প্রশিক্ষণও দেওয়া হবে। শারীরিক প্রশিক্ষণের জন্য একজন প্রাক্তন সেনা কর্মীকে রাখা হয়েছে। যার যে বিষয়ে আগ্রহ, তাকে সেই বিষয়ে উৎসাহ দিয়ে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে তিন দিন দু ঘণ্টা করে কোচিং সেন্টারের ক্লাস চলবে। ছুটির দিন গুলোতেও হবে কোচিং। “











Post Comment