শুভদীপ মাহাত, পুরুলিয়া:
ভোটের সমীকরণ কি বদলে দিতে পারে ভোটার তালিকার মেগা কাটছাঁট? নির্বাচনের ঠিক মুখে পুরুলিয়ায় একধাক্কায় আরও সাড়ে চার হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
পুরুলিয়া জেলায় বিচারাধীন থাকা ৩৩,৫৭৭ জন ভোটারের তালিকার নিষ্পত্তি ইতিমধ্যেই সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এই তালিকা থেকেই পাকাপাকিভাবে বাদ পড়ছে ওই সাড়ে চার হাজার নাম। বাদ যাওয়া এই অংশটুকু বাদে বাকি নামগুলি খুব শীঘ্রই চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকা হিসেবে যুক্ত করা হবে।
প্রশাসন সূত্রে খবর, সব মিলিয়ে এই জেলায় এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮৯ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ল, যার একটি বড় অংশই মৃত ভোটার। এর আগে খসড়া তালিকায় ১ লক্ষ ৮৩ হাজার ৪১৬ জন এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও ৭৩২ জনের নাম বাদ গিয়েছিল। প্রশাসনিক তথ্য অনুযায়ী, পুরুলিয়ায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা ২২ লক্ষ ৩৭ হাজার ২৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৪৮ হাজার ২৭৪, মহিলা ১০ লক্ষ ৮৯ হাজার ০০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। তবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জেলা প্রশাসনের তরফে জানানো হয়নি।
বিপুল সংখ্যক এই নাম ছাঁটাই হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই জেলার রাজনৈতিক পারদ চড়েছে। পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো বলেন, “এসআইআরের মাধ্যমে ভুয়ো ভোটার বাদ গিয়ে স্বচ্ছ তালিকা তৈরি হয়েছে। এতদিন এই ভুয়ো ভোটারদের ওপর ভর করেই তৃণমূল জিতত। এবার তালিকা স্বচ্ছ হওয়ায় আমরা পুরুলিয়ার সবকটি, অর্থাৎ ৯টি আসনেই জয়লাভ করব”।
বিজেপির এই দাবি উড়িয়ে পালটা জবাব দিয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন। তিনি বলেন, “বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই। সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক অবস্থার যে বদল ঘটেছে, উন্নয়নের সেই নিরিখেই আমজনতা ভোট দেবেন। একুশের বিধানসভার চেয়ে পুরুলিয়ায় এবার আমাদের অনেক ভালো ফল হবে। ঘাসফুলের কোনো বিকল্প নেই, তাই বিজেপি ৯টি আসনেই হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।”









Post Comment