নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
বিজেপির জয়পুর বিধানসভার প্রার্থী পছন্দ না হওয়ায় গেরুয়া সঙ্গ ত্যাগ করে আজসুতে যোগদান করলেন রাজ্য মহিলা মোর্চার নেত্রী। পুরুলিয়ার জয়পুর বিধানসভা এলাকার বাসিন্দা, পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিষ্ণুপ্রিয়া মাহাতো বিজেপি ছেড়ে আজসুতে যোগদান করলেন। রবিবার আজসুর পুরুলিয়া জেলা কমিটির বৈঠকে তাঁর ওই যোগদান পর্ব হয়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন আজসু পার্টির চিফ জেনারেল সেক্রেটারি রামচন্দ্র সহিস। তাহলে কি এই বিষ্ণুপ্রিয়া মাহাতো জয়পুর বিধানসভার আজসুর প্রার্থী হবেন? ওই যোগদানের পর এখন এটাই জল্পনা জয়পুর বিধানসভা এলাকায়।
বিষ্ণুপ্রিয়া ২০১৮ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য হন। তিনি পুরুলিয়া জেলা বিজেপির দু’বার সম্পাদক ছিলেন। বর্তমানে মহিলা মোর্চার রাজ্যের সদস্য। সেইসঙ্গে বাঁকুড়া মহিলা মোর্চার ইনচার্জের দায়িত্বে। বিজেপি নেত্রী বিষ্ণুপ্রিয়ার যোগদান চিন্তায় ফেলে দিয়েছে পুরুলিয়া জেলা বিজেপিকে। তাছাড়া তিনি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতোর ঘনিষ্ট ছিলেন। সাংসদের অনুগামী হয়ে বিজেপির সঙ্গ ত্যাগ করা জয়পুরের গেরুয়া গড়ে বড়সড় ভাঙন। বিজেপি নেত্রী বিষ্ণুপ্রিয়া মাহাতো বলেন, “দলীয় সিদ্ধান্ত ও প্রার্থী নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। মানুষের জন্য কাজ করতে চাই, সেই কারণেই আজসুতে যোগ দিলাম।”
রবিবার আজসুর পুরুলিয়া জেলা কমিটির বৈঠক হয় ঝালদায়। কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় ঝাড়খণ্ডের রাঁচিতে। ঝালদার বৈঠক থেকে আজসু পুরুলিয়ার ৯ বিধানসভায় প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে কেন্দ্রীয় কমিটিও চাইছে বিজেপি যেহেতু তাদেরকে বাঘমুন্ডি আসন ছাড়েনি, তাই পুরুলিয়ার সবকটি আসনে প্রার্থী দিতে। আজসুর ঝালদা নেতৃত্ব সম্প্রতি বিজেপির সঙ্গে কোন জোট নেই বলে বিতর্কিত মন্তব্য করলেও দলের চিফ জেনারেল সেক্রেটারি রামচন্দ্র সহিস জানিয়েছেন “বিজেপির সঙ্গে তাদের জোট রয়েছে। তবে দলের নিচুতলা থেকে কেন্দ্রীয় কমিটি এবং পার্টির সুপ্রিমো যদি মনে করেন পুরুলিয়ার ৯ টি আসনে প্রার্থী দেবেন তাহলে একেবারে কোমর বেঁধে এই নির্বাচনে লড়াই করবে আজসু”।










Post Comment